ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোটের নেতারা। গতকাল বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেল সূত্রে জানানো হয়েছে, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। এ সময় তারেক রহমান জোটের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
১২ দলীয় জোটের পক্ষ থেকে সাক্ষাতে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিমসহ জোটের শীর্ষস্থানীয় নেতারা। বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এ ছাড়া একই দিন বিকেলে আত্মপ্রকাশ করতে যাওয়া একটি নতুন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করা অনিক রায় এবং মীর হুযাইফা আল-মামদূহ। তাঁরা নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের আমন্ত্রণ জানান। মীর হুযাইফা আল-মামদূহ জানান, অন্য একটি কর্মসূচি থাকায় তারেক রহমান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না, তবে নতুন দলের জন্য তিনি শুভকামনা জানিয়েছেন।
এদিন সন্ধ্যায় ‘আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি’ শীর্ষক একটি ফ্রেমে বাঁধানো কার্টুনচিত্র গ্রহণ করেন তারেক রহমান। কার্টুনিস্ট উদয় এ কার্টুনটি উপহার দেন। কার্টুনটি গ্রহণ করে তারেক রহমান শিল্পীকে ধন্যবাদ জানান।
এ ছাড়া বিএনপি চেয়ারম্যানের সঙ্গে তাঁর গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী। এ সময় তারেক রহমান তাঁর হাতে একটি প্রকাশিত বই তুলে দেন। পরে আব্দুল্লাহিল আমান আযমী সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করে জানান, কুশল বিনিময় এবং ম্যাডাম জিয়ার ইন্তেকালে আনুষ্ঠানিকভাবে শোক জানানো ও শোক বইতে স্বাক্ষর করাই ছিল এ সাক্ষাতের মূল উদ্দেশ্য।
@ইয়াসমিন রিমা