ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের দীর্ঘ প্রতীক্ষা রাষ্ট্রের জন্য একটি বড় দায়। তিনি বলেন, বহু সন্তান আজও অপেক্ষায় আছে তাদের বাবা একদিন ফিরে আসবেন, বহু মা এখনো আশায় আছেন হারিয়ে যাওয়া সন্তান আবার ‘মা’ বলে ডাকবে।
শনিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপির পরিবার’ নামের দুটি সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
তারেক রহমান বলেন, গুম ও রাষ্ট্রীয় সহিংসতার শিকার পরিবারগুলোর বেদনা এতটাই গভীর যে তা ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি গণতন্ত্রে বিশ্বাসী মানুষদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা বিতর্ক সৃষ্টি করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের প্রতিহত করতে হবে।
বিএনপির চেয়ারম্যান দাবি করেন, ফ্যাসিবাদী শাসনামলে দলের হাজার হাজার নেতা–কর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেককে হত্যা করা হয়েছে এবং সহস্রাধিক মানুষ গুমের শিকার হয়েছেন। তিনি জানান, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও গুম হওয়া ব্যক্তিদের উদ্ধারে দলের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কমিশনের কিছু কর্মকাণ্ড নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্যের পরিচয় দিচ্ছে।
বিচার প্রসঙ্গে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক বছরগুলোতে গুম ও হত্যার শিকার সব শহীদের বিচার নিশ্চিত করতে হলে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি। বিএনপি সরকার গঠন করতে পারলে গুম ও রাষ্ট্রীয় সহিংসতার শিকার ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে এবং শহীদ পরিবারগুলোর স্মরণে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হবে।