ধাপে ধাপে ইন্টারনেট বন্ধ প্রত্যাহার, ইরানে এসএমএস সেবা চালু

ভেতরের খবর নিউজ ডেস্ক: দীর্ঘদিনের সরকারবিরোধী বিক্ষোভের পর আরোপিত যোগাযোগ নিষেধাজ্ঞা শিথিল করতে শুরু করেছে ইরান। দেশটিতে শনিবার থেকে পুনরায় চালু করা হয়েছে স্বল্প বার্তা সেবা (এসএমএস)। কর্তৃপক্ষ জানিয়েছে, ধাপে ধাপে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় এবং সহিংসতার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের আটক করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় আট দিন ধরে দেশজুড়ে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল।

সরকারি কর্মকর্তাদের দাবি, ইন্টারনেট বন্ধের ফলে বিদেশে অবস্থানরত বিরোধী নেটওয়ার্কগুলোর যোগাযোগ দুর্বল হয়েছে এবং তথাকথিত ‘সন্ত্রাসী সেল’-এর কার্যক্রম ব্যাহত হয়েছে। প্রথম ধাপে এসএমএস চালু করা হলেও পরবর্তী ধাপে জাতীয় ইন্টারনেট নেটওয়ার্ক ও দেশীয় অ্যাপে প্রবেশাধিকার দেওয়া হবে। সর্বশেষ ধাপে আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট বন্ধ থাকায় ইরানের দৈনন্দিন জীবন ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে। ব্যবসা-বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়েছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

এদিকে সাম্প্রতিক বিক্ষোভকে কেন্দ্র করে প্রায় তিন হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সহিংসতায় নিহতের সংখ্যা কয়েক হাজারে পৌঁছাতে পারে। যদিও সরকার এখনো কোনো চূড়ান্ত মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি।

আংশিকভাবে যোগাযোগ ব্যবস্থা চালু হলেও ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর মতে, দেশটিতে এখনো স্বাভাবিক সংযোগের মাত্র অল্প অংশই কার্যকর রয়েছে। কবে নাগাদ পুরোপুরি ইন্টারনেট চালু হবে—সে বিষয়ে স্পষ্ট কোনো সময়সূচি দেয়নি ইরান সরকার।

  • Related Posts

    জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক,

    ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে…

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *