ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে কোনো বিপদে-আপদে কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। একই সঙ্গে বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
মঙ্গলবার মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
দোয়া-মোনাজাতের আগে বক্তব্যে তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া যেসব মা-বোনের জন্য বিনা খরচে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন, তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চান তিনি। এ লক্ষ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান। তবে সবকিছুই মহান আল্লাহর রহমতের ওপর নির্ভর করছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, “আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ রহমানুর রাহিম। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, রহম করেন, তাহলেই আমরা আমাদের কাজে সফল হবো।”
কড়াইলের আবাসন সংকটের কথা উল্লেখ করে তারেক রহমান আরও বলেন, সুযোগ পেলে বস্তিবাসীদের বসবাসের কষ্ট ধীরে ধীরে লাঘব করতে চান তারা। তিনি বলেন, এখানে বহুতল ভবন নির্মাণ করে বসবাসরত মানুষদের নামে রেজিস্ট্রি করে ছোট ছোট ফ্ল্যাট দেওয়া হবে, যাতে তারা সম্মানজনক ও নিরাপদ আবাসনের সুযোগ পান।
দোয়া মাহফিলে কড়াইল এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
@ইয়াসমিন রিমা