ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে বেড়াতে এসে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধারালো অস্ত্রের মুখে তার স্বামীকে জিম্মি করে বেঁধে রেখে রাতভর ওই নারীকে ধর্ষণ করা হয়। এ সময় সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামে।
ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, মানিকগঞ্জের বাসিন্দা ওই ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে ধামরাইয়ের বালিয়াটি প্রাসাদ ঘুরতে যান। তাদের সঙ্গে ছিলেন পাবরাইল এলাকার একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী কৃষ্ণচন্দ্র মনি দাস। সন্ধ্যার পর তারা কৃষ্ণচন্দ্রের বোন শান্তি রানী মনিদাসীর বাড়িতে রাত্রিযাপনের জন্য যান। রাত আনুমানিক ১২টার দিকে পাঁচ থেকে সাতজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ঢুকে স্বামীকে রশি দিয়ে বেঁধে ফেলে এবং তার স্ত্রীকে রাতভর ধর্ষণ করে। একই সঙ্গে কানের দুল, গলার চেইন ও হাতের বালা ছিনিয়ে নেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর শুক্রবার সকালে ভুক্তভোগী দম্পতি স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাইতে গেলে ক্ষুব্ধ হয়ে কিছু যুবক তাদের লাঠিপেটা করে এবং হত্যার হুমকি দিয়ে গ্রাম থেকে বের করে দেয়।
এ বিষয়ে ধামরাই থানার এএসআই হারাধন সরকার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তবে ভুক্তভোগী ও অভিযুক্ত কাউকেই পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ইউপি সদস্য মন্টু চন্দ্র মনি দাস বলেন, যে বাড়িতে ঘটনার কথা বলা হচ্ছে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এখনো অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়নি।
@ইয়াসমিন রিমা