ভেতরের খবর নিউজ ডেস্ক: ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছর মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। আগের রাতেই ভোট হয়ে যেত। এখন জনগণের সামনে নতুন একটি সুযোগ এসেছে।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শোল্টিহরি বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গেছেন। এতে কর্মী-সমর্থকদের বিপদের মধ্যে ফেলে যাওয়া ঠিক হয়নি। তবে বিএনপি কর্মী-সমর্থকদের পাশে আছে জানিয়ে তিনি বলেন, যারা অন্যায় করেননি, তাদের কোনো শাস্তি হতে দেওয়া হবে না, আর যারা অন্যায় করেছে, তাদের বিচার হবে।
ঢাকা থেকে দুপুরে ঠাকুরগাঁও পৌঁছে বিকেলে শোল্টিহরি বাজার থেকে নির্বাচনী প্রচার শুরু করেন মির্জা ফখরুল। এ সময় তিনি দেবীপুর ইউনিয়নের শোল্টিহরি বাজার ছাড়াও ১১ মাইল, বৈরাগীহাট, পয়সাফেলা ও মুন্সিরহাট এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের সঙ্গে কুশলবিনিময় করে ধানের শীষে ভোট চান।
এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, তিনি এই এলাকারই সন্তান ও ভাই। কখনো জয়ী হয়েছেন, কখনো পরাজিত হয়েছেন, কিন্তু কখনো এলাকা ছেড়ে যাননি। বয়স ৭৮ হলেও তিনি নিজেকে মানসিকভাবে তরুণ মনে করেন এবং সুযোগ পেলে এলাকার সমস্যা সমাধানে কাজ করতে চান।
ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই মিলে একসঙ্গে দেশ গড়তে চায় বিএনপি। সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি নয়, সবাইকে সমান নিরাপত্তা ও অধিকার দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
এ সময় তিনি জামায়াতের সমালোচনা করে বলেন, বিএনপিই পরীক্ষিত দল এবং অতীতেও উন্নয়ন করেছে। আগামীতে নতুন স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট নির্মাণ ও তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন বিএনপির মহাসচিব।
@ইয়াসমিন রিমা