ভেতরের খবর নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণকে সঙ্গে নিয়েই দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, আধিপত্যবাদমুক্ত এবং ন্যায় ও ইনসাফভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী। আল্লাহর সাহায্য, জনগণের ভালোবাসা ও জনগণের ভোটে নির্বাচিত হলে বিভক্তির নয়, ঐক্যের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।
শনিবার দুপুরে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে ১০–দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। জনসভায় তিনি বগুড়ার বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাঁদের হাতে দলীয় প্রতীক তুলে দেন। পরে তিনি শেরপুরে আরেকটি জনসভায় অংশ নেন।
বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গের রাজধানীখ্যাত বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে এবং সেখানে একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। তিনি জানান, এসব উন্নয়ন কোনো দয়ার দান নয় জনগণের টাকাই জনগণের উন্নয়নে ব্যবহৃত হবে। দেশের বাইরে পাচার হওয়া বিপুল অর্থ ফিরিয়ে এনে উন্নয়ন খাতে ব্যয় করার প্রতিশ্রুতিও দেন তিনি।
চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াত আমির বলেন, চাঁদাবাজির কারণে কৃষক ন্যায্যমূল্য পায় না, ভোক্তাও ক্ষতিগ্রস্ত হয়। ক্ষমতায় গেলে চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। একই সঙ্গে সুদের জট নিরসন এবং রাষ্ট্রীয় অর্থ লুটপাট বন্ধ করার অঙ্গীকার করেন তিনি।
নারীদের নিরাপত্তা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, নারীদের ইজ্জতের মূল্য জীবনের চেয়েও বেশি। ঘরে ও বাইরে নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। যুবসমাজ সম্পর্কে তিনি বলেন, জামায়াতে ইসলামী বেকার ভাতা নয়, বরং যুবকদের দক্ষ করে মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়।
শেরপুরের জনসভায় বক্তব্যে জামায়াত আমির বলেন, ভোট মানে ভয় না পাওয়া এবং অন্যায়ের কাছে মাথানত না করা। ন্যায়বিচার প্রসঙ্গে তিনি বলেন, বিচার আর টাকার বিনিময়ে বিক্রি হবে না পেশা, বয়স বা ধর্ম নয় আদালত দেখবে কে মজলুম ও ক্ষতিগ্রস্ত।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যদি সত্য থেকে বিচ্যুত হই, আমাদেরও ছাড় দেবেন না। সাদাকে সাদা, কালোকে কালো বলবেন।’
তিনি আশা প্রকাশ করেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ সঠিক পথে এগিয়ে যাবে।
@ইয়াসমিন রিমা