২২ বছর পর খুলনায় তারেক রহমান, প্রভাতী স্কুল মাঠে জনসমাবেশ

ভেতরের খবর নিউজ ডেস্ক: খুলনা মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ২২ বছর পর খুলনায় আসছেন তারেক রহমান। এ উপলক্ষে ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে শুরু করেন। দূরবর্তী এলাকা থেকেও অনেকেই আগের রাতেই খুলনায় এসে অবস্থান নেন।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, সকাল ১১টায় হেলিকপ্টারে করে খুলনায় পৌঁছাবেন বিএনপি চেয়ারম্যান। দুপুর ১২টায় জনসভায় বক্তব্য রাখার পর দুপুর ১টায় তিনি হেলিকপ্টারে যশোরের উদ্দেশ্যে রওনা দেবেন। জনসভায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের আশা করছেন আয়োজকরা।
সভায় সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। বৃহত্তর খুলনার ১৪ জন সংসদ সদস্য প্রার্থীসহ কেন্দ্রীয় নেতারা দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানা গেছে।
খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, খুলনার পাশাপাশি সাতক্ষীরা ও বাগেরহাট থেকেও নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, টানা কর্মসূচির কারণে তারেক রহমান কিছুটা অসুস্থ থাকলেও খুলনার মানুষের প্রতি ভালোবাসা থেকেই তিনি সফরে আসতে সম্মত হয়েছেন।
খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, এই জনসভা কেবল নির্বাচনী কর্মসূচি নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নেতাকর্মীরা চেয়ারম্যানের বক্তব্য শোনার অপেক্ষায় আছেন।
এদিকে তারেক রহমানের সফর ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, র‌্যাব, সেনা ও নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। শহরের প্রবেশপথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান জানান, শহরের ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। তবে জনসমাগম বেশি হওয়ায় সাধারণ মানুষকে সমাবেশস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি জানান।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *