ভেতরের খবর নিউজ ডেস্ক: নাটোরের সিংড়ায় অনুষ্ঠিত নির্বাচনী পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন কেউ দেখলেও এবার সেই সুযোগ আর থাকবে না। জনগণ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিতেও প্রস্তুত বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার দুপুরে নাটোর-৩ (সিংড়া) আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এস এম জার্জিস কাদিরের সমর্থনে আয়োজিত পদযাত্রায় এসব কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, অতীতে দমন-পীড়ন করে নির্বাচন করে ক্ষমতায় আসার নজির থাকলেও এখন জনগণ অনেক সচেতন। শেখ হাসিনার সময়কার মতো পরিস্থিতি আর সৃষ্টি করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ১১ দলীয় জোট দেশের প্রতিটি আসনে একক প্রার্থী দিয়েছে, যা তাদের ঐক্যের বড় প্রমাণ। ব্যক্তিগত মান-অভিমান ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন অনৈক্যের সুযোগে চাঁদাবাজ ও অপশক্তি ক্ষমতায় এলে আগামী পাঁচ বছর সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে না।
পদযাত্রায় প্রধান বক্তা ছিলেন নাটোর-৩ আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির নাটোর জেলা সদস্যসচিব অধ্যাপক এস এম জার্জিস কাদির। এ সময় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক ফয়সাল আহমেদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুনিয়া শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির নাটোর জেলা যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান, সিংড়া উপজেলা জামায়াতের আমির আ. ব. ম. আমানউল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আফসার আলী, পৌর জামায়াতের আমির সাদরুল উলা এবং খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক টিংকু সরদারসহ অনেকে।
@ইয়াসমিন রিমা