ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালী কাঁচাবাজার এলাকার একটি বাসা থেকে ইসতাক আহমেদ (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতের দিকে বাসার ভেতর সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে উদ্ধার করে রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসতাক তেজগাঁও কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে। তিনি চাঁদপুর জেলার মতলব উপজেলার তালুকদার বাড়ির আফজাল হোসেনের ছেলে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
@ইয়াসমিন রিমা