ভেতরের খবর নিউজ ডেস্ক: নির্বাচনে জনগণের সমর্থন পেলে ফরিদপুরকে বিভাগে উন্নীত করা এবং কৃষি ব্যবস্থাপনায় আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফরিদপুরে আয়োজিত এক জনসভায় তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।
তারেক রহমান বলেন, ফরিদপুরবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের রায় পেলে ফরিদপুরকে বিভাগ ঘোষণার উদ্যোগ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, বৃহত্তর ফরিদপুর কৃষিপ্রধান এলাকা হওয়ায় এ অঞ্চলের অর্থনীতিতে কৃষি বড় ভূমিকা রাখে। বিশেষ করে পাট শিল্পকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, পাট রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পরিকল্পনা রয়েছে বিএনপির।
কৃষির উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা চালুর মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ফরিদপুর অঞ্চল ঘিরে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথাও বলেন তিনি, যাতে শুষ্ক মৌসুমে পানির সংকট দূর করা যায়।
বড় প্রকল্প বাস্তবায়নে জনগণের সমর্থনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, “জনগণের সমর্থন ছাড়া কোনো বড় কাজ সম্ভব নয়। জনগণ পাশে থাকলে যে কোনো বড় উদ্যোগ বাস্তবায়ন করা যাবে।”
কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, কৃষি ও শিল্প উভয় খাতের সমন্বিত উন্নয়নের মাধ্যমে স্থানীয় মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করতে চায় বিএনপি, যাতে তারা আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।
নারী উন্নয়ন নিয়েও বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী তাদের পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়। প্রত্যেক গৃহিণীর কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে পিছিয়ে পড়া পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে। পাশাপাশি গ্রামভিত্তিক স্বাস্থ্যসেবা জোরদারে ঘরে ঘরে প্রাথমিক চিকিৎসা পৌঁছে দিতে ‘হেলথ কেয়ার’ কর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।
@ইয়াসমিন রিমা