ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপি ক্ষমতায় এলে রাজধানী ঢাকায় অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (আজ) দুপুরের পর নিজের নির্বাচনী এলাকা ঢাকা–১৭–এর ইসিবি চত্বরে এক পথসভায় তিনি এসব অঙ্গীকার করেন।
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে একটি স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য শহর গড়ে তোলা হবে, যেখানে মানুষ “বুক ভরে শ্বাস নিতে পারবে।” তিনি বলেন, নতুন খেলার মাঠগুলো তৈরির উদ্দেশ্য হবে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করা এবং বয়স্ক মানুষ ও নারীদের নিরাপদ হাঁটার পরিবেশ সৃষ্টি করা।
তিনি বলেন, “ইনশা আল্লাহ, আপনাদের দোয়ায় বিএনপি ১২ তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকায় নয়, পুরো ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করব।”
অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান জানান, ইসিবি চত্বর থেকে জসিমউদ্দীন সড়ক পর্যন্ত বিদ্যমান রাস্তাটি প্রশস্ত করা হবে। মানুষের সহজ যাতায়াত ও উন্নত জীবনযাত্রার কথা বিবেচনায় নিয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
বক্তব্যের শেষদিকে তিনি নিজেকে এ এলাকার সন্তান হিসেবে পরিচয় দিয়ে বলেন, ছোটবেলা থেকে তিনি এই এলাকাতেই বড় হয়েছেন। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গুলশান, বনানী ও ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা–১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। রোববারের নির্বাচনী প্রচারণায় ইসিবি চত্বরের পর তিনি ঢাকা-১৬, ১৫, ১৪, ১৩ ও ১১ আসনের বিভিন্ন স্থানে জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
@ইয়াসমিন রিমা