সেনবাগে স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে গুলির অভিযোগ, এলাকায় উত্তেজনা

ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর সেনবাগে নির্বাচনী প্রচার চলাকালে স্বতন্ত্র প্রার্থী কাজী মোহাম্মদ মফিজুর রহমানের গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের কাবিলপুর দিলদার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে রাত নয়টার দিকে সেনবাগ বাজারে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন তিনি।
স্থানীয়রা জানান, কাপ-পিরিচ প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী গণসংযোগে বের হলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর তার সমর্থক ও নেতাকর্মীরা সেনবাগ বাজারে বিক্ষোভ মিছিল করেন।
সংবাদ সম্মেলনে কাজী মোহাম্মদ মফিজুর রহমান বলেন, “আজ দিলদার বাজারে নির্বাচনী প্রচারকালে আমার গাড়িতে গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে। আল্লাহর রহমতে আমি নিরাপদ আছি। তবে এ ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেবে বলে আশা করি।”
এ বিষয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, “কাজী মোহাম্মদ মফিজুর রহমানকে টার্গেট করে একদল চিহ্নিত সন্ত্রাসী কাপুরুষোচিত হামলা চালিয়েছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। জনগণের সমর্থন দেখে প্রতিপক্ষ দিশেহারা হয়ে গণতন্ত্রের পথ ছেড়ে অস্ত্রের ভাষায় কথা বলছে।”
তবে ঘটনার বিষয়ে ভিন্ন তথ্যও পাওয়া যাচ্ছে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, “গুলির খবর পেয়ে পুলিশের তিনটি টিম ঘটনাস্থলে গেছে। আমি নিজেও গিয়েছি। কেউ বলছেন গুলি হয়েছে, আবার কেউ বলছেন ইট নিক্ষেপ হয়েছে। অভিযোগ অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়ন এবং সোনাইমুড়ী উপজেলার আংশিক তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নোয়াখালী–২ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৮১ জন। এখানে ভোটকেন্দ্র রয়েছে ১১১টি এবং ভোটকক্ষ ৭০০টি, যার মধ্যে ২২টি অস্থায়ী।
এই আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির ধানের শীষ প্রতীকের জয়নুল আবদিন ফারুক, ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. শাহাদাত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের খলিলুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ প্রতীকের কাজী মোহাম্মদ মফিজুর রহমান।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *