ভেতরের খবর নিউজ ডেস্ক: দলীয় নীতি ও আদর্শবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও সংগঠন পরিপন্থি বক্তব্য এবং কার্যকলাপের কারণে মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।” এই বক্তব্য ঘিরেই সমালোচনার ঝড় ওঠে।
মঞ্জুরুল আহসান মুন্সী দেবিদ্বার আসনের চারবারের সাবেক সংসদ সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। তবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ ওঠে। ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ দাবি করেন, আর্থিক প্রতিষ্ঠানে দায় এবং ঋণখেলাপি সংক্রান্ত তথ্য তিনি হলফনামায় উল্লেখ করেননি। শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করলেও পরে নির্বাচন কমিশনে আপিলে তা বাতিল হয়।
ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মঞ্জুরুল আহসান হাইকোর্টে রিট করলেও তা খারিজ হয়। পরবর্তীতে আপিল বিভাগেও তার লিভ টু আপিল খারিজ করা হয়। ফলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারান তিনি।
এ অবস্থায় বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই আসনে দলীয় অন্য কোনো প্রার্থী না থাকায় জোটের শরিক গণঅধিকার পরিষদের প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
@ইয়াসমিন রিমা