বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষ, বিএনপি নেতাসহ আহত কয়েকজন

ভেতরের খবর নিউজ ডেস্ক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দুই রাজনৈতিক পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মাসুদ রানা ওরফে মজিদসহ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় মাসুদ রানাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে মাসুদ রানার ভাই রবিউল ইসলাম, দাঁড়িপাল্লা প্রতীকের এক কর্মী, থালতা-মাঝগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হোসেন এবং জামায়াতের কর্মী ফারুক হোসেন রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার রাতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট কেনার অভিযোগ তুলে স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতা বেলাল হোসেন ও জামায়াতের কর্মী ফারুক হোসেনকে ধানের শীষের সমর্থকেরা আটক করেন। পরে তাদের কাছ থেকে কিছু টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়। আটকের পর তাদের থালতা–মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার পারশন গ্রামের বাড়িতে রাখা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।
এ খবর ছড়িয়ে পড়লে রাতেই অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে লাঠিসোঁটা হাতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকেরা মাসুদ রানার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় আশপাশের কয়েকটি বাড়িতেও হামলার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে আটক বেলাল হোসেন ও ফারুক হোসেনকে তাদের সমর্থকেরা উদ্ধার করে নিয়ে যান।
মঙ্গলবার বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মাসুদ রানার ছেলে কলেজ শিক্ষার্থী সিয়াম আকন্দ অভিযোগ করেন, জামায়াত–শিবিরের নেতাকর্মীরা গভীর রাতে তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়িতে হামলা চালায় এবং পরিবারের সদস্যদের মারধর করে। এ সময় তার বাবার চোখে গুরুতর আঘাত করা হয়। সংবাদ সম্মেলনে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম ও বগুড়া–৪ আসনে ধানের শীষের প্রার্থী মোশারফ হোসেন উপস্থিত ছিলেন। মোশারফ হোসেনও হামলা, ভাঙচুর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তোলেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তফা ফয়সাল বলেন, টাকা বিতরণের অভিযোগ সঠিক নয়। তার দাবি, প্রচারণা চালাতে গিয়ে তাদের দুই কর্মীকে আটক করে মারধর করা হয় এবং বেঁধে রাখা হয়। পরে তাদের উদ্ধার করতে গেলে ধানের শীষের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি আরও জানান, এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে জুলাই আন্দোলনের কর্মী আসাদুল্লাহ আল গালিবের ওপর হামলার অভিযোগও করেন তিনি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ধানের শীষের সমর্থকেরা দাঁড়িপাল্লার দুই কর্মীকে আটক করেছেন এমন খবর পেয়ে জামায়াতের কর্মীরা সেখানে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যান। হামলা, ভাঙচুর বা সংঘর্ষের ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *