ভেতরের খবর নিউজ ডেস্ক: ভোরের আলো ফোটার আগেই দেশের বিভিন্ন প্রান্তে ভোটকেন্দ্রগুলোর সামনে জমতে শুরু করে মানুষের ভিড়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় পরিণত হয় দীর্ঘ সারিতে। নারী, পুরুষ, তরুণ, প্রবীণ সব বয়সী ভোটারদের উপস্থিতিতে অনেক কেন্দ্রেই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
সকাল আটটায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হলে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন সাধারণ ভোটাররা। কোথাও কোথাও কেন্দ্রে প্রবেশের আগে পরিচয় যাচাই ও লাইনে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
বেশ কয়েকটি কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই পরিবার-পরিজন নিয়ে সকাল সকাল ভোট দিতে আসেন। প্রথমবারের মতো ভোট দিতে এসে তরুণ ভোটারদের মাঝেও দেখা গেছে আলাদা উচ্ছ্বাস। তাদের ভাষায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পারাটা এক ধরনের গর্বের বিষয়।
তবে কিছু এলাকায় ছোটখাটো বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অধিকাংশ কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
সার্বিকভাবে সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নির্বাচনী পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছে। দিনশেষে ভোটগ্রহণ ও ফলাফলকে ঘিরে সবার দৃষ্টি এখন নির্বাচন কমিশনের পরবর্তী ঘোষণার দিকে।
@ইয়াসমিন রিমা