ভেতরের খবর নিউজ ডেস্ক: নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ঝালকাঠি জেলার কাঠালিয়া ও রাজাপুর উপজেলায় পৃথক হামলার অভিযোগ উঠেছে। কাঠালিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় দুই নারী আহত হয়েছেন।
পুলিশ জানায়, গত ১৩ ফেব্রুয়ারি দুপুরে কাঠালিয়া থানার পাটিখালঘাটা ইউনিয়নের বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জামায়াত কর্মী মো. জহিরুল ইসলাম দুলাল ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমান কালাম মেম্বারকে প্রধান আসামি করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে।
এজাহারে অভিযোগ করা হয়, নির্বাচনে জামায়াত সমর্থন ও দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার জেরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। বসতঘর ও দোকানে ভাঙচুর, নগদ টাকা লুট এবং বাধা দিতে গেলে নারী সদস্যদের মারধরের অভিযোগ রয়েছে। ইউনিয়ন জামায়াত অফিসেও ভাঙচুর ও লুটপাটের কথা বলা হয়েছে।
অন্যদিকে রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে নির্বাচনের আগে জামায়াতের পক্ষে ভোট চাওয়ায় মো. আসাদ নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান দাবি করেন, ফল ঘোষণার পর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তারের আহ্বান জানান।
ঝালকাঠি-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম জামাল বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে।
কাঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, মামলার তদন্ত চলছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। রাজাপুরের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
@ইয়াসমিন রিমা