ভেতরের খবর নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের (এমপি) শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মঙ্গলবার। এদিন নবনির্বাচিত এমপিরা দু’টি শপথ গ্রহণ করবেন। একটি সংসদ সদস্য হিসেবে এবং অপরটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে।
সোমবার জাতীয় সংসদ সচিবালয়-এর গণসংযোগ অধিশাখা-১ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উপসচিব মো. এমদাদুল হকের স্বাক্ষর রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে পর্যায়ক্রমে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শপথের আমন্ত্রণপত্র ইস্যু করা হচ্ছে।
এতে আরও বলা হয়, কোনো কারণে নির্বাচিত সংসদ সদস্যদের কাছে শপথের আমন্ত্রণপত্র পৌঁছানো না হলে শপথ গ্রহণের দিন জাতীয় সংসদ ভবনের টানেলের অভ্যন্তরে অবস্থিত মূল প্রবেশপথের ফ্রন্ট ডেস্ক থেকে তা সংগ্রহ করা যাবে। শপথ গ্রহণের সময় নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।
@ইয়াসমিন রিমা


