ভেতরের খবর নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির সাবেক ফুটবল তারকা ম্যাসুট উযিলও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র বিলাল এয়ারদোগান কে বহনকারী গাড়িবহর।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার সময় গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে একটি মোটরচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন। তবে প্রতিনিধি দলের কেউ আহত হননি।
উখিয়ার শাহপরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ভিআইপি প্রোটোকলের মধ্যেই গাড়িবহরটি চলছিল। এ সময় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং আহত চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দল দিনভর উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। বিকেলে চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে ফুটবল খেলেন ওজিল এবং সন্ধ্যায় ইফতারে অংশ নেন প্রতিনিধি দলের সদস্যরা।


