ভেতরের খবর নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ৬ মিনিটে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
এর আগে রাত ১২টা বাজার এক মিনিট আগে শহীদ মিনারে উপস্থিত হন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষাশহীদদের স্মরণ করেন এবং পরে স্থান ত্যাগ করেন।
রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষাশহীদদের প্রতি সম্মান জানান। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
রাত ১২টা ১২ মিনিটে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ সদস্যরা শহীদ বেদিতে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমানকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছরের মতো এবারও একুশের প্রথম প্রহর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে।


