চকরিয়া-য় সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যু

ভেতরের খবর নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়া উপজেলায় সংসদ সদস্যের গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেল পাঁচটার দিকে বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম খালেদ বিন ওয়ালিদ (৮)। সে স্থানীয় একটি নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং প্রবাসী আমান উল্লাহর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ কক্সবাজার–২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসন থেকে নির্বাচিত হন। রোববার কুতুবদিয়া সফর শেষে বিকেলে তিনি সড়কপথে পেকুয়া হয়ে চকরিয়ার বদরখালী দিয়ে মহেশখালীর দিকে ফিরছিলেন। তাঁর গাড়িবহরে ৮ থেকে ১০টি যানবাহন ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বদরখালীর আহমদ কবিরের ঘাটা এলাকায় পৌঁছালে বহরের একটি গাড়ি শিশুটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে তার মা সুমাইয়া বেগম স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন বদরখালী মাদ্রাসা গেট এলাকায় সড়কের ওপর একটি ডাম্প ট্রাক আড়াআড়িভাবে দাঁড় করিয়ে বহরের কয়েকটি গাড়ি আটকে দেন। এ সময় সংসদ সদস্যকে বহনকারী গাড়িটি বদরখালী নৌ পুলিশ ফাঁড়ি পর্যন্ত চলে যায়। পরে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার সহযোগিতায় আটকে পড়া গাড়িগুলো ছাড়িয়ে নেওয়া হয়।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফোন ধরেননি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, সংসদ সদস্যের গাড়িবহরের একটি গাড়ির চাপায় শিশুটির মৃত্যু হয়েছে। চাপা দেওয়া গাড়িটি জব্দ করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনার পর শিশুটির মায়ের আহাজারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *