ভেতরের খবর নিউজ ডেস্ক: অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন-অর-রশিদ ও মো. মশিউর রহমান-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশন (দুর্নীতি দমন কমিশন)–এর আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের পক্ষে উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন আবেদনে উল্লেখ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। তাঁরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন এ আশঙ্কায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।
এদিকে, দুর্নীতিসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ নাজমুল আলম-এর দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছেন একই আদালত। দুদকের সহকারী পরিচালক মনির মিয়া এ বিষয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, নাজমুল আলম দেশত্যাগের চেষ্টা করছেন এ কারণে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশ যাত্রা বন্ধ করা জরুরি।
@ইয়াসমিন রিমা