ভেতরের খবর নিউজ ডেস্ক: মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটিসহ ছয়টি সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সিটি করপোরেশন নির্বাচন মেয়াদ শেষের সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। ভবিষ্যতে সিটি নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না সেই সিদ্ধান্ত জাতীয় সংসদে নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেন মির্জা ফখরুল।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত করা হয়েছে এ বিশ্বাসে যে তারা স্থানীয় সমস্যা ও জনদাবি সম্পর্কে বেশি অবগত থেকে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
সকালে নবনিযুক্ত প্রশাসকরা এলজিআরডি মন্ত্রীর কাছে যোগদানপত্র জমা দেন। যোগদান শেষে তারা জানান, মশা নিয়ন্ত্রণ, যানজট নিরসন, রাস্তাঘাট মেরামত এবং দুর্নীতি রোধকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। দীর্ঘদিন অকার্যকর হয়ে থাকা সিটি করপোরেশনগুলোতে সেবার মান বাড়াতে দ্রুত পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তারা।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নাগরিক সেবা নিশ্চিত করতে অগ্রাধিকারভিত্তিতে কর্মপরিকল্পনা নির্ধারণ করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
@ইয়াসমিন রিমা