ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ পুলিশের মাদকবিরোধী অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও সংবাদকর্মীদের মারধরের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছে। এ ঘটনার প্রতিবাদে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশি হামলার অভিযোগ তুলে আইনি ব্যবস্থার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। তারা রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম ও অভিযানে জড়িত কনস্টেবলদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শিক্ষার্থীদের অভিযোগ, মাদকবিরোধী অভিযানের নামে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, অভিযানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে মাদকসেবী সন্দেহে পরিচালিত অভিযানে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঢাবি শিক্ষার্থীদের মারধর করেন। এ সময় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদেরও বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।
@ইয়াসমিন রিমা