ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর রামপুরার উলন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে ৬ বছর বয়সী শিশু তাহিতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্বজনরা জানান, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মায়ের সঙ্গে তারাবির নামাজ আদায় শেষে খেলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় তাহিতি। প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও সে বাসায় না ফেরায় উদ্বিগ্ন হয়ে খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা।
অনেক খোঁজাখুঁজির পর বাসার পাশের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে তাকে পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা হিসেবে দেখছে। তবে নিহতের পরিবার ও প্রতিবেশীরা ঘটনাটিকে সন্দেহজনক বলে দাবি করেছেন এবং সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন।
শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।