ভেতরের খবর নিউজ ডেস্ক: ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় সহ-অভিনেত্রী ইফফাত আরা তিথিকে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক ও গুঞ্জন। সম্প্রতি নেপাল থেকে দেশে ফিরে এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী।
ইকরার মৃত্যুর পর তাকে নিয়ে ওঠা অভিযোগ সরাসরি নাকচ করে তিথি বলেন, ঘটনার দিন তারা দ্রুত দেশে ফেরার চেষ্টা করেছিলেন। তবে টিকিট সংকটের কারণে তা সম্ভব হয়নি। তার ভাষ্য, ‘ঘটনার দিন আমরা টিকিট খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। অনেকে বলছেন নেপাল থেকে আসতে সময় লাগে, আসলে সময় বেশি লাগে না কিন্তু টিকিট তো পেতে হয়।’
তিনি আরও জানান, অন্তত আলভী যেন আগে ফিরতে পারেন, সে চেষ্টাও করেছিলেন তারা। কিন্তু কোনোভাবেই তা সম্ভব হয়নি। পরদিন প্রথম যে ফ্লাইটে টিকিট পাওয়া যায়, তাতেই তারা দেশে ফেরেন।
নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ প্রসঙ্গে তিথি বলেন, ‘আমি কোনো অপরাধ করিনি, কাউকে গিয়ে মেরে ফেলিনি। একজন মানুষ নিজে আত্মহত্যা করেছে। তার হয়তো অনেক কষ্ট ছিল, যা সে সহ্য করতে পারেনি। কিন্তু আমি তাকে মারতে যাইনি।’ বিয়ে বা গর্ভধারণ সংক্রান্ত গুঞ্জনকেও তিনি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।
বাসা ভাড়া ও জীবনযাপনের খরচ নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো কথাবার্তার জবাবে তিথি বলেন, তিনি নিজের উপার্জনেই চলেন। ‘অনেকে বলছেন আমার বাসা ভাড়া আলভী দিত। অথচ আমি নিজের কষ্টের টাকায় বাসা ভাড়া দেই, বাজার করি। আমার বাসায় মা ও নানি থাকেন। এই প্রফেশনই আমার একমাত্র আয়ের উৎস। অথচ এখন আমার রুটি-রুজিতে হাত পড়েছে।’
ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বিপদের সময়ে খুব কম মানুষকেই পাশে পেয়েছেন। অনেকেই হয়তো জড়িয়ে পড়ার ভয়ে দূরে আছেন, কেউ কেউ আড়াল থেকে সমর্থন দিচ্ছেন। তবে শেষ পর্যন্ত সত্য প্রকাশ পাবে এমন বিশ্বাসের কথাও জানান এই অভিনেত্রী।
@ইয়াসমিন রিমা


