ভেতরের খবর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–এর রাষ্ট্রীয় বিদায় ও শোক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বুধবার রাত থেকে তেহরানে তিন দিনব্যাপী শেষ বিদায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার দৃশ্য দেখা যায়। তবে আয়োজকদের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, প্রয়োজনীয় অবকাঠামোগত ও ব্যবস্থাপনাগত প্রস্তুতি পুরোপুরি শেষ না হওয়ায় অনুষ্ঠানটি আপাতত স্থগিত রাখা হয়েছে।
বার্তা সংস্থাটি জানায়, স্থানীয় সময় রাত ১০টায় যে স্মরণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, সেটিও স্থগিত করা হয়েছে। নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি। সরকারি এক কর্মকর্তা বলেন, বিভিন্ন প্রদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করায় আয়োজনের পরিধি বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত শনিবার তেহরানে নিজ কার্যালয়ে এক গোপন বৈঠকের সময় মার্কিন ও ইসরায়েলি হামলায় খামেনি নিহত হন বলে দাবি করা হয়। তার মৃত্যুতে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
এদিকে, হামলার প্রতিবাদে ইরান ‘সত্য প্রতিশ্রুতি-৪ অভিযান’ নামে পাল্টা সামরিক অভিযান শুরু করেছে। এই অভিযানের আওতায় মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েলি স্থাপনা ও মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও মানববিহীন আকাশযান হামলা চালানো হচ্ছে বলে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
@ইয়াসমিন রিমা


