ভেতরের খবর নিউজ ডেস্ক: বগুড়ার সান্তাহার বাগবাড়ী এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর উদ্ধার অভিযান শেষ হয়েছে। এর ফলে উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচলের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়। ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে আসা দুটি রিলিফ ট্রেন রাতভর অভিযান চালিয়ে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজও চলমান রয়েছে।
তিনি আরও বলেন, আপাতত ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করবে এবং মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত সতর্কতা বজায় থাকবে।
উল্লেখ্য, বুধবার (১৮ মার্চ) দুপুরে সান্তাহার জংশন ছাড়ার কিছুক্ষণ পরই বাগবাড়ী এলাকায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি কোচ লাইনচ্যুত হয়। এ ঘটনায় সান্তাহারের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঈদের আগমুহূর্তে এমন দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
@ইয়াসমিন রিমা


