ভেতরের খবর নিউজ ডেস্ক: একসময় রাজপথ কাঁপানো রাজনীতিবিদ কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের অনেকেরই এবারের ঈদ কাটছে কারাগারের চার দেয়ালের ভেতরে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে থাকা সাবেক মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও উচ্চপদস্থ কর্মকর্তারা একসঙ্গে ঈদের জামাতে অংশ নেবেন।
কারা সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট বিভিন্ন হত্যা মামলায় আটক প্রায় ১২৩ জন সাবেক মন্ত্রী, এমপি ও কর্মকর্তা বর্তমানে এই বিশেষ কারাগারে রয়েছেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়েই তাদের ঈদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
ঈদ উপলক্ষ্যে বন্দিদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করা হয়েছে। অনেকে পরিবারের কাছ থেকে পোশাক পেয়েছেন। এছাড়া অসচ্ছল বন্দিদের জন্য কারা অধিদপ্তর ও সমাজকল্যাণ অধিদপ্তরের উদ্যোগে লুঙ্গি, গেঞ্জি ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-উন্নয়ন ও গণমাধ্যম) মো. জান্নাতুল ফরহাদ জানান, ঈদ উপলক্ষ্যে দেশের বিভিন্ন কারাগারে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং বিশেষ খাবারের আয়োজন রাখা হয়েছে। বন্দিরা স্বজনদের সঙ্গে সীমিত সময় মোবাইলে কথা বলা এবং খাবার গ্রহণের সুযোগ পাবেন।
কেরানীগঞ্জের বিশেষ কারাগারে একটি জামাত অনুষ্ঠিত হবে, যেখানে ভিআইপি বন্দিরা একসঙ্গে নামাজ আদায় করবেন। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে পৃথক কক্ষে রাখা হয়েছে; নিরাপত্তা বিবেচনায় তাকে জামাতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হতে পারে।
কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, দেশের সব কারাগারে ঈদের জামাত ও বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকাসহ দেশের ৭৫টি কারাগারের মধ্যে ৭৩টিতে বর্তমানে প্রায় ৭৮ হাজার ৫০০ বন্দি রয়েছে।
ঈদের দিন বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন রাখা হয়েছে। সকালে থাকবে পায়েস, সেমাই ও মুড়ি; দুপুরে পোলাও, গরুর রেজালা (বিকল্প হিসেবে খাসি), সেদ্ধ ডিম, মুরগির রোস্ট, মিষ্টি, সালাদ ও পান-সুপারি। রাতে পরিবেশন করা হবে সাদা ভাত, রুই মাছ ও আলুর দম।
এছাড়া ঈদের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরদিন প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ঈদের তিন দিনের মধ্যে একদিন বন্দিরা স্বজনদের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগও পাবেন।
@ইয়াসমিন রিমা


