ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: ঈদের সকালে পরিবারের সঙ্গে নামাজ আদায়ের ইচ্ছে ছিল—কিন্তু সেই ইচ্ছে রইল অপূর্ণ। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিদ্যুৎকর্মী শরিফুল ইসলাম (৩০)। শোকে স্তব্ধ শতাধিক মানুষ আদায় করতে পারেনি ঈদের নামাজ।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে কর্মস্থল থেকে বাড়িতে ফেরার পথে রাজৈর-কোটালীপাড়া সড়কের বৈকণ্ঠপুর এলাকায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
নিহত শরিফুল ইসলাম গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের ইউপি সদস্য মোকসেদ আলী শেখের ছেলে। তিনি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফরিদপুর জেলার সদরপুর অফিসে সুইচ বোর্ড অ্যাটেনডেন্স হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের চাচাতো ভাই ও কুশলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মারুফ জানান, সকালে পরিবারের সবাই ঈদের নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে শরিফুলের অপেক্ষায় ছিলেন। হঠাৎ খবর আসে, তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হালকা বৃষ্টির কারণে পিচ্ছিল সড়কে মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
মেহেদী হাসান মারুফ আরও বলেন, “পুরো গ্রাম শোকে মুহ্যমান হয়ে আছে। ঈদের দিনের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। শতাধিক মানুষ ঈদের নামাজ আদায় করতে পারেনি।”
এ বিষয়ে কোটালীপাড়া থানার এসআই সুকুমার কুণ্ড বলেন, দুর্ঘটনার খবর পাওয়া গেছে, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ঈদের দিনে এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
# এফ এম মিরাজুল সৈকত , 21.03.2026
01811953261


