ভেতরের খবর নিউজ ডেস্ক: আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ আদালতে এ আবেদন করেন। ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঈনউদ্দীন চৌধুরী আসামির উপস্থিতিতে শুনানির জন্য আগামী ৯ এপ্রিল তারিখ নির্ধারণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি।
এর আগে মঙ্গলবার রাজধানীর পল্টন থানায় দায়ের করা মানব পাচারসংক্রান্ত একটি মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, গত সোমবার মধ্যরাতে ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
দুদকের আবেদনে বলা হয়, মাসুদ উদ্দিন চৌধুরী ৭ হাজার ১২৪ জনকে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে নির্ধারিত ফির অতিরিক্ত প্রায় ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আদায় করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, তিনি জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে জানিয়েছে দুদক।
@ইয়াসমিন রিমা


