ভেতরের খবর নিউজ ডেস্ক: ফিলিপাইন বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ায় দেশটির ওপর বিপুল চাপ পড়েছে। ফিলিপাইনের তেলের ৯৮ শতাংশই পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে আসে।
গত তিন সপ্তাহে সাধারণ মানুষ ডিজেল ও পেট্রোলের মূল্যবৃদ্ধির কবলে পড়েছে; কিছু জ্বালানির দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র একটি নির্বাহী আদেশ জারি করেছেন। এতে সরকারকে জ্বালানি স্থিতিশীলতা নিশ্চিত এবং অর্থনীতি রক্ষার জন্য প্রয়োজনীয় আইনগত ক্ষমতা দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, জ্বালানি তেল, খাদ্য, ওষুধ এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুশৃঙ্খল বণ্টন তদারকি করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, সরকারকে সরাসরি জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্য কেনার অধিকার দেওয়া হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, বর্তমান ব্যবহার অনুযায়ী ফিলিপাইনের কাছে মাত্র ৪৫ দিনের জ্বালানি মজুত রয়েছে। এই আদেশ এক বছর পর্যন্ত কার্যকর থাকবে, তবে প্রয়োজনে সময়সীমা বাড়ানো বা প্রত্যাহার করা সম্ভব।
@ইয়াসমিন রিমা


