ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ট্রেনটির পাওয়ার কারে প্রথমে আগুন লাগে এবং পরে তা পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়ে।
রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, আগুন লাগার পরপরই যাত্রীরা দ্রুত বগি থেকে নেমে যান এবং তাদের মালামালও নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুনে ক্ষতিগ্রস্ত বগিগুলো আলাদা করে ফেলা হয়েছে এবং নতুন পাওয়ার কার সংযুক্ত করে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার প্রস্তুতি চলছে।
এদিকে অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল ব্যাহত হলেও কোনো ট্রেনের শিডিউল বাতিল হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
@ইয়াসমিন রিমা


