ভেতরের খবর নিউজ ডেস্ক: নাটোরের বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল আজিজ নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী ইন্দ্রজিৎ।
শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ইন্দ্রজিৎ সিসিডিবি ভাঙ্গুড়া শাখার ম্যানেজার এবং তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। তাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, দুই-তিন দিন আগে আব্দুল আজিজ ইন্দ্রজিতের বাড়িতে বেড়াতে যান। শুক্রবার তারা মোটরসাইকেলে করে ফিরছিলেন। পথে বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে বাসটি মোটরসাইকেলটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়, ফলে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। আহত ইন্দ্রজিৎকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান, কোনো অভিযোগ না থাকায় রাতেই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে এ মর্মান্তিক দুর্ঘটনায় আব্দুল আজিজের মৃত্যুতে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দলের পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
@ইয়াসমিন রিমা


