ভেতরের খবর নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় দেশে জ্বালানি তেল সরবরাহ ও ব্যবস্থাপনা তদারকিতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, পেট্রলপাম্পে অনিয়ম ও অবৈধ মজুত ঠেকাতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ট্যাগ অফিসার নিয়োগ করবে। অন্যদিকে জেলা ও বিভাগীয় শহরে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিটি পেট্রলপাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে এই দায়িত্ব দেবেন। ট্যাগ অফিসাররা নির্ধারিত পদ্ধতিতে কাজ করে দৈনিক প্রতিবেদন জমা দেবেন।
এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে দেশের ৯টি জেলার ১৯টি ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
সরকার বলছে, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে অতিরিক্ত কেনার প্রবণতা বেড়ে যাওয়ায় বিভিন্ন পেট্রলপাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে এবং কোথাও কোথাও সাময়িক সংকট তৈরি হয়েছে।
জ্বালানি বিভাগ জনগণকে আতঙ্কিত না হয়ে অতিরিক্ত তেল না কেনার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অবৈধ মজুতের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও সতর্ক করা হয়েছে।
সরকার আরও জানিয়েছে, আন্তর্জাতিক বাজার থেকে প্রয়োজনীয় জ্বালানি তেল আমদানি অব্যাহত রয়েছে এবং সরবরাহ ঘাটতির আশঙ্কা নেই।
@ইয়াসমিন রিমা


