ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দলীয় কার্যালয়ে আসছেন তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয় এলাকায় নেতা–কর্মীদের ব্যাপক সমাগম দেখা গেছে।
দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা–কর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। সরেজমিনে পুরানা পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টন পর্যন্ত সড়কের দুই পাশে এবং সড়ক বিভাজকের ওপর অবস্থান নিতে দেখা যায় তাঁদের। অনেকের হাতে ছিল দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানসংবলিত প্ল্যাকার্ড।
ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা বিচ্ছিন্নভাবে স্লোগান দেন। ‘প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম’ ও ‘লাল গোলাপ শুভেচ্ছা’সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
নেতা–কর্মীদের পাশাপাশি সাধারণ সমর্থকরাও ভিড় করেন। অনেকে শুধু এক নজর দেখার আশায় সকাল থেকেই অপেক্ষা করছেন বলে জানান।
এদিকে অতিরিক্ত ভিড়ের কারণে নয়াপল্টন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে ধীরগতিতে যান চলাচল করতে দেখা যায়।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নয়াপল্টন, ফকিরাপুল, ভিআইপি রোড ও কাকরাইল এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন।
@ইয়াসমিন রিমা


