ভেতরের খবর নিউজ ডেস্ক: রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে রিপন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩০ মার্চ) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিকেলে রাজধানীর শাহবাগ থানার পিজি হাসপাতালের ক্যান্সার ভবনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ফেসবুকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম-ছবি ব্যবহার করে ভুয়া আইডি তৈরি করছিল। এসব আইডি থেকে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হতো।
প্রাথমিক তদন্তে উদ্ধারকৃত মোবাইল ফোন বিশ্লেষণে ‘Doctor Ayesha Khatun’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি লগইন অবস্থায় পাওয়া যায়। ওই আইডি ব্যবহার করে আইজিপিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি দিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছিল।
গ্রেপ্তারকৃত রিপন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে এই প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
@ইয়াসমিন রিমা


