ভেতরের খবর নিউজ ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই, বরং গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করা হয়েছে। জনগণের স্বস্তি নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে মন্ত্রী বলেন, বিশ্ব বর্তমানে অস্থির সময় পার করছে। আন্তর্জাতিক সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জ্বালানি পরিবহনে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা বিশ্ববাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর চাপ তৈরি করেছে।
তিনি বলেন, এই বৈশ্বিক প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে সরকার সময়োপযোগী ও কার্যকর প্রস্তুতি গ্রহণ করেছে, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
মন্ত্রী জানান, সরকার দায়িত্ব গ্রহণের দিন ১৭ ফেব্রুয়ারি দেশে ডিজেলের মজুত ছিল ২ লাখ ৬ হাজার টন, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার টনে। একই সময়ে, ১৭ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত ৪১ দিনে মোট ৪ লাখ ৮২ হাজার টন ডিজেল বিক্রি হয়েছে।
তিনি আরও বলেন, বিপুল পরিমাণ বিক্রির পরও মজুত বৃদ্ধি পাওয়া প্রমাণ করে যে, সরকার ধারাবাহিক আমদানি ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি সরবরাহ নিশ্চিত রাখতে সক্ষম হয়েছে।
@ইয়াসমিন রিমা


