ভেতরের খবর নিউজ ডেস্ক: সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে ‘সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। রোববার (৫ এপ্রিল) সংসদের অধিবেশনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা গৃহীত হয়। তবে বিল পাসের সময় ভোটদানে বিরত থাকেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।
বিল পাসের পর সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বিরোধীদলীয় সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, বয়সসীমা বৃদ্ধি ও কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনের ফলেই আজকের এই পরিবর্তন সম্ভব হয়েছে। সেই প্রেক্ষাপটে বিল পাসের সময় বিরোধীদলীয় নেতাদের ‘হ্যাঁ’ না বলা তাকে বিস্মিত করেছে।
নুরুল ইসলাম মনি আরও বলেন, বিষয়টি দেশের তরুণ সমাজের জন্য অত্যন্ত স্পর্শকাতর। বিরোধীরা ‘না’ না বললেও, তাদের সমর্থন প্রত্যাশিত ছিল। তিনি সংসদের দৃষ্টি আকর্ষণ করে উল্লেখ করেন, আন্দোলনে অংশ নেওয়া জুলাইয়ের যোদ্ধারা সংসদে উপস্থিত আছেন, যাদের ত্যাগের ফলেই এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।
তিনি তাদের অভিনন্দন জানান এবং বলেন, এই বিল দেশের তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
@ইয়াসমিন রিমা


