ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ শিলাবৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমের জন্য বিখ্যাত এই জেলায় শিলাবৃষ্টির আঘাতে আমের গুঁটি ঝরে পড়া এবং গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৭ এপ্রিল) বিকেলে জেলার শিবগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় তীব্র শিলাবৃষ্টি আঘাত হানে। শিবগঞ্জের প্রায় সব এলাকাতেই প্রায় ঘণ্টাব্যাপী এই শিলাবৃষ্টি স্থায়ী হয়। এ সময় বড় আকারের শিলা পড়তে দেখা যায়, যার ওজন প্রায় ১০০ গ্রাম পর্যন্ত ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
আম চাষিরা জানান, বর্তমানে গাছে গুঁটি ধরার সময় চলছে। এই গুরুত্বপূর্ণ সময়ে বড় আকারের শিলাবৃষ্টির কারণে গুঁটি ঝরে পড়ার পাশাপাশি ডালপালা ভেঙে গেছে এবং গাছের ছাল ও পাতায় মারাত্মক ক্ষতি হয়েছে। এতে চলতি মৌসুমে আম উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক বলেন, শিলাবৃষ্টিতে আম ও ধানের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে ক্ষতির নির্দিষ্ট পরিমাণ এখনই বলা সম্ভব নয়। তিনি জানান, টানা প্রায় ৯ মিনিট বড় বড় শিলা পড়েছে, যা ক্ষয়ক্ষতির মাত্রা বাড়িয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ইয়াসিন আলী জানান, ভোলাহাট উপজেলা ছাড়া জেলার বাকি চারটি উপজেলায় কমবেশি বৃষ্টিপাত হয়েছে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। তিনি বলেন, মাঠ পর্যায়ে জরিপ শেষে ক্ষতির সঠিক চিত্র জানা যাবে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
শিলাবৃষ্টির আকস্মিক এই আঘাতে উদ্বেগে পড়েছেন জেলার হাজারো কৃষক, বিশেষ করে আম চাষিরা এখন ক্ষতির পরিমাণ নিরূপণের দিকে তাকিয়ে আছেন।
@ইয়াসমিন রিমা


