ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন তারেক রহমান। আগামী ১০ মে’র আগেই এই সফর অনুষ্ঠিত হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। সফরকে কেন্দ্র করে দিল্লি ও ঢাকা দুই পক্ষই প্রস্তুতি জোরদার করছে।
ঢাকার ভারতীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলতে এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত। সফরে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান-কেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। সফরটি স্মরণীয় করতে বিশেষ আয়োজনের কথাও ভাবছে ভারত সরকার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরে তিনটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্রায় ২০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ এবং গঙ্গার পানিবণ্টন চুক্তি উল্লেখযোগ্য। গঙ্গার পানি ইস্যুতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে ভারত।
এদিকে, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ সেচের জন্য অতিরিক্ত ডিজেল আমদানির বিষয়টিও আলোচনায় আনতে চায়। বিষয়টি ইতোমধ্যে ভারতকে অবহিত করা হয়েছে।
সোমবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এর পরদিন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফরে যান, যেখানে উচ্চপর্যায়ের বৈঠকে সফরের বিষয়টি আরও এগিয়ে নেওয়া হয়।
প্রাথমিকভাবে সফরসঙ্গী হিসেবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ কয়েকজন মন্ত্রীর নাম রয়েছে। পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন খুব শিগগিরই এ সফর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
@ইয়াসমিন রিমা


