ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে এ কার্যক্রম শুরু হয়। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।
দলীয় সূত্রে জানা গেছে, আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। ফরম জমা দেওয়ার সময় জমানত হিসেবে ৫০ হাজার টাকা জমা দিতে হবে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল দায়ের করা যাবে ২৬ এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি আসন। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন নির্ধারিত রয়েছে।
@ইয়াসমিন রিমা


