ভেতরের খবর নিউজ ডেস্ক: আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন কারাগারে থাকা হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন। এ লক্ষ্যে নির্বাচনের মনোনয়নপত্রে তার স্বাক্ষর নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকার জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সুমনের পক্ষে অ্যাডভোকেট লিটন আহমেদ এ আবেদন জমা দেন। তিনি জানান, বার কাউন্সিল নির্বাচনে প্রার্থী হতে হলে মনোনয়নপত্রে প্রার্থীর স্বাক্ষর বাধ্যতামূলক। তবে সুমন বর্তমানে কারাগারে থাকায় তার স্বাক্ষর নেওয়ার জন্য প্রশাসনিক অনুমতির প্রয়োজন হচ্ছে।
তিনি আরও বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৬ এপ্রিল। তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য।
@ইয়াসমিন রিমা


