ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান-কে ধন্যবাদ জানানো হয়েছে, কারণ টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। সংসদে বলা হয়, এতে শুধু তিনি নন, পুরো জাতিই সম্মানিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদের অধিবেশন চলাকালে চিফ হুইপ মো. নুরুল ইসলাম বিষয়টি উত্থাপন করে সংসদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
চিফ হুইপ বলেন, বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের অন্তর্ভুক্তি দেশের জন্য গৌরবের। “তিনি সম্মানিত মানে দেশ সম্মানিত তিনি এই জাতিকে সম্মানিত করেছেন,” বলেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে তারেক রহমান জনগণের মধ্যে নতুন আশা জাগিয়েছেন। জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে এবং তার প্রতি মানুষের প্রত্যাশাও অনেক।
চিফ হুইপ দাবি করেন, দায়িত্ব গ্রহণের পরপরই প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড চালু, পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন, ইমাম-মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মের পুরোহিতদের জন্য ভাতা ও সম্মানী চালু, এবং কৃষি ঋণের সুদ মওকুফের মতো উদ্যোগ উল্লেখযোগ্য।
তিনি বলেন, “দেশের মানুষ তাকে স্বীকৃতি দিয়েছে, আর এখন বিশ্বও তাকে স্বীকৃতি দিয়েছে টাইম ম্যাগাজিনের মাধ্যমে।”
@ইয়াসমিন রিমা


