ভেতরের খবর নিউজ ডেস্ক: ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র রণধীর জয়সোয়াল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখবে ভারত।
একই ব্রিফিংয়ে বাংলাদেশের জাতীয় সংসদে আওয়ামী লীগ-এর কার্যক্রম নিষিদ্ধ করার উদ্যোগ সম্পর্কেও প্রশ্ন ওঠে। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য না করে জয়সোয়াল বলেন, ভারত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
তিনি আরও জানান, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত। সাম্প্রতিক সফরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং বিভিন্ন প্রস্তাব প্রাসঙ্গিক কাঠামোর মাধ্যমে এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। শিগগিরই পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এদিকে, প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি সরবরাহ প্রসঙ্গে জয়সোয়াল বলেন, ভারতের সক্ষমতা ও মজুত বিবেচনায় রেখে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সহায়তা দেওয়া হচ্ছে। গত মার্চ মাসে বাংলাদেশে ২২ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছে ভারত, যা চলতি মাসেও অব্যাহত রয়েছে।
@ইয়াসমিন রিমা


