ভেতরের খবর নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহকারী হিসেবে অভিযুক্ত মাজেদুল হক হেলাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় তিনি স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হলে, মামলার তদন্তকারী কর্মকর্তা তা রেকর্ড করার আবেদন করেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার জবানবন্দি গ্রহণ করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১৫ এপ্রিল আদালত হেলালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়। প্রাথমিকভাবে একাধিক ধারায় অভিযোগ আনা হলেও, মৃত্যুর পর মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজন করা হয়।
গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলেও বাদী এতে অসন্তোষ জানিয়ে নারাজি আবেদন করেন। পরবর্তীতে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দিয়ে মামলাটি সিআইডিতে হস্তান্তর করেন।
@ইয়াসমিন রিমা


