ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজনৈতিক অতীত নয়, বরং বর্তমান আদর্শ ও স্বচ্ছ ভাবমূর্তিকেই প্রাধান্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদানের সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরাও চাইলে এনসিপিতে যোগ দিতে পারবেন।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে এ আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, অতীতে কেউ ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ বা ছাত্রলীগ যে সংগঠনের সঙ্গেই যুক্ত থাকুক না কেন, তা এনসিপির কাছে মুখ্য নয়। তিনি জোর দিয়ে বলেন, “আজ থেকে যারা এনসিপিতে আসবে, তারা দলের আদর্শ ধারণ করে কাজ করবে।”
তবে দলে অন্তর্ভুক্তির ক্ষেত্রে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ফ্যাসিবাদে জড়িত, গণহত্যার সঙ্গে সম্পৃক্ত বা সমর্থনকারী, চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে অভিযুক্তদের জন্য এনসিপির দরজা বন্ধ থাকবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, সংস্কার ও গণভোটের মাধ্যমে যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা সরকার নষ্ট করে দিচ্ছে। “এই নির্বাচনের মাধ্যমে শুধু একটি দলের জায়গায় আরেকটি দল এসেছে, কিন্তু কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি,” যোগ করেন তিনি।
এ সময় দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বৃদ্ধির অভিযোগ তুলে নাহিদ ইসলাম একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
@ইয়াসমিন রিমা


