ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার সকালে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হয়েছেন। সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করেন তিনি। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় এটি তার প্রথম সফর। সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। এরপর বেলা ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন এবং একইসঙ্গে সারাদেশে একযোগে ই-বেইলবন্ড কার্যক্রম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরভবনে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে নিজ পৈতৃক বাড়িতে যাবেন। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন ও হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।
দুপুর দেড়টায় বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। এছাড়া চৌকিরদহ খাল খননকাজেরও উদ্বোধন করবেন। বিকাল আড়াইটায় পৈতৃক ভিটা পরিদর্শন শেষে তিনি আবার বগুড়া শহরের উদ্দেশে রওনা হবেন।
বিকাল ৪টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা পৌনে ৬টায় নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবনের উদ্বোধনসহ বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের সূচনা করবেন।
সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন। ফেরার পথে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতির কথা রয়েছে।
@ইয়াসমিন রিমা


