ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। দলটির প্রেস উইং সূত্রে জানা গেছে, বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ ও সক্রিয় নেত্রীদের নিয়ে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।
ঘোষিত তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহেনা আক্তার এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। এছাড়া মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা, কেন্দ্রীয় নেতা নেওয়াজ হালিমা আরলী ও সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খানও তালিকায় আছেন।
তালিকায় আরও রয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম, সহস্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ, প্রয়াত শফিউল বারীর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তারসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করে বিএনপি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাত শতাধিক আবেদন জমা পড়ে, যা থেকে যাচাই-বাছাই শেষে এই তালিকা নির্ধারণ করা হয়েছে।
আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে আসন বণ্টন অনুযায়ী বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা পাবে ১টি আসন।
@ইয়াসমিন রিমা


