ভেতরের খবর নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাননি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। দল ঘোষিত ৩৬ জনের তালিকায় তার নাম না থাকায় আলোচনায় এসেছে বিষয়টি।
সংসদ সদস্য হওয়ার লক্ষ্যে তিনি দলের সাক্ষাৎকারেও অংশ নিয়েছিলেন। সাক্ষাৎকার শেষে চমক জানান, দেশের জন্য বিশেষ করে নারীদের উন্নয়নে কাজ করার ইচ্ছা থেকেই রাজনীতিতে আসা। তিনি মনে করেন, বিএনপির প্ল্যাটফর্ম তার পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হতে পারত। তবে দলীয় সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করার কথাও জানান তিনি।
বরিশালে জন্ম হলেও ঢাকায় বেড়ে ওঠা চমক ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন। পরবর্তীতে ২০২০ সালে অভিনয়জগতে প্রবেশ করে ‘মহানগর’, ‘অসমাপ্ত’ ও ‘হায়দার’-এর মতো নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান।
জুলাই গণঅভ্যুত্থানে তিনি সক্রিয় অবস্থান নিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সরব ছিলেন। পরে আবার অভিনয় ও কন্টেন্ট নির্মাণে মনোযোগ দেন। সম্প্রতি বিএনপিতে যোগ দিয়ে রাজনীতিতে সক্রিয় হলেও শেষ পর্যন্ত সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পাননি এই অভিনেত্রী।
@ইয়াসমিন রিমা






